সারাদেশজুড়ে পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেপ্তার ১৭৫১ জন।
সারাদেশে বিশেষ অভিযানে এক দিনে প্রায় ১,৮০০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে এক হাজারের বেশি আসামির বিরুদ্ধে রয়েছে মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা।
শনিবার (১৯ জুলাই) দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় চালানো অভিযানে মোট ১,৭৫১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি ১,০৪৪ জন এবং বিভিন্ন অপরাধে জড়িত হয়ে নতুন করে গ্রেপ্তার হয়েছেন আরও ৭০৭ জন।
অভিযান চলাকালে বিপুল পরিমাণ অস্ত্র ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে—বিদেশি রিভলভার ৩টি, দেশীয় একনলা বন্দুক ২টি, ওয়ান শুটারগান ১টি, সাটারগান ১টি, একটি ম্যাগাজিন ও ৭৪ রাউন্ড গুলি। এছাড়া মিলেছে ১১টি হাসুয়া, ৩টি রামদা, ৪টি এসএস স্টিলের ছোরা, ৩টি ছুরি ও একটি চাপাতি।
পুলিশ বলছে, সন্ত্রাস-চাঁদাবাজি ও মাদক অপরাধ দমনে এমন অভিযান নিয়মিতভাবে চলবে।

মতামত দিন