ছাত্রলীগ নেতার হুমকিতে অনলাইন অ্যাক্টিভিস্টের জিডি, তদন্তে পুলিশ।
নিজেস্ব প্রতিবেদক:
ঝিনাইদহে যুবলীগ ও নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সশস্ত্র মিছিলের ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার করায় হত্যার হুমকি পেয়েছেন মো. শিমুল হোসেন নামে এক অনলাইন অ্যাক্টিভিস্ট। মঙ্গলবার (১৫ জুলাই) জেলা ছাত্রলীগের পলাতক সভাপতি সজীব হোসেন তাকে মেসেঞ্জারে কল দিয়ে হুমকি দেন বলে অভিযোগ উঠেছে।
শিমুল হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেত্রী এলমা খাতুনের স্বামী এবং ‘শিমুল মিডিয়া’র কর্ণধার। তিনি অভিযোগপত্রে জানান, ভিডিও শেয়ার করার কারণ জানতে চেয়ে সজীব হোসেন তাকে প্রথমে জিজ্ঞাসাবাদ করেন এবং পরে বলেন, “সবাই করুক, তুই করবি ক্যা?” এরপর হুমকি দিয়ে বলেন, “জুলাই তো আরও আসবে, সামনের জুলাই তুই কনে থাকবি? তোমার চোখে গুলি করে হত্যা করা হবে।” হুমকির অডিও ক্লিপ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে জুলাই আন্দোলনের নেতাকর্মীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং একজন এসআইকে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

মতামত দিন