জামায়াত নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ফাঁস, তদন্তে প্রশাসন।
নিজেস্ব প্রতিবেদক:
কুড়িগ্রামের রাজিবপুরে একটি পুরোনো মামলার ভয় দেখিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করার অভিযোগ উঠেছে জামায়াতে ইসলামীর এক স্থানীয় নেতার বিরুদ্ধে। এই অভিযোগের প্রমাণ হিসেবে একটি অডিও কল রেকর্ড ফাঁস হয়েছে, যা ইতিমধ্যে স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
অভিযুক্ত আনিসুর রহমান শ্রমিক কল্যাণ ফেডারেশনের রাজিবপুর উপজেলা শাখার সভাপতি। ভুক্তভোগী ব্যবসায়ী বাবু মিয়া অভিযোগ করেন, ২০১৩ সালে জামায়াত কার্যালয় ভাঙচুরের ঘটনায় দায়ের হওয়া একটি মামলায় তার নাম জড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে আনিসুর রহমান তার কাছে টাকা দাবি করেন। অডিও রেকর্ডে আনিসুরকে বলতে শোনা যায়, “তোমার যদি একটা পশমের ক্ষতি হয়, আমি রাজিবপুরে দ্বিতীয় দিন মুখ দেখাব না... আলহামদুলিল্লাহ বলে দুই গ্লাস পানি খাও, তোমার ভাই আছে তোমার পাশে।”
তবে অভিযোগ অস্বীকার করে আনিসুর রহমান দাবি করেন, অডিওটি এডিট করা এবং এটি একটি পরিকল্পিত ষড়যন্ত্র। কুড়িগ্রাম জেলা জামায়াতের আমির জানিয়েছেন, অভিযোগ খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এদিকে রাজিবপুর থানার ওসি শরিফুল ইসলাম জানান, তার সময়ে এমন কোনো অভিযোগ আসেনি, তবে প্রমাণ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ব্যবসায়ী বাবু মিয়া নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন এবং প্রশাসনের কাছে ন্যায়বিচার দাবি করেছেন।
KB
মতামত দিন