অপরাধ
ছবি: সংগৃহীত

সাংবাদিক মুন্নী সাহা ও তার স্বামীর ৩১টি ব্যাংক হিসাব জব্দের নির্দেশ।

নিজেস্ব প্রতিবেদক:

ঢাকার দুর্নীতি দমন আদালত সাংবাদিক মুন্নী সাহা ও তার স্বামী কবির হোসেনের নামে থাকা ৩১টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন। এসব হিসাবে প্রায় ১৮ কোটি ১৬ লাখ টাকা রয়েছে বলে জানা গেছে।

বুধবার (১৬ জুলাই) দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

দুদকের উপপরিচালক ইয়াছির আরাফাত স্বাক্ষরিত আবেদনে বলা হয়েছে, মুন্নী সাহা ও তার স্বামী কবির হোসেনের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে একটি অনুসন্ধান চলমান। অনুসন্ধানে দেখা গেছে, তাদের মালিকানাধীন বিভিন্ন ব্যাংক হিসাবে বিশাল অঙ্কের সন্দেহজনক লেনদেন রয়েছে।এমনকি এসব অর্থ বিদেশে পাচারের আশঙ্কাও রয়েছে।

আবেদনে আরও উল্লেখ করা হয়, কিছু হিসাব যৌথভাবে খোলা হয়েছে এটিএন নিউজের ক্যামেরাম্যান তপন কুমার সাহা ও তার মা আপেল রানী সাহার সঙ্গে। এসব হিসাব থেকেও অর্থ লেনদেন হয়েছে যা সন্দেহজনক বলে মনে করছে দুদক।

তদন্ত বিঘ্নিত না করতে এবং অর্থ পাচার ঠেকাতে অবিলম্বে এসব হিসাব অবরুদ্ধ করা জরুরি বলে আদালতে উল্লেখ করে দুদক। আদালত সব দিক বিবেচনায় এনে ব্যাংক হিসাবগুলো জব্দের আদেশ দেন।

দুদকের কর্মকর্তারা জানিয়েছেন, এখন পর্যন্ত হিসাবগুলোর বিস্তারিত যাচাই চলছে। সম্পদের প্রকৃত উৎস ও বৈধতা নির্ণয়ের লক্ষ্যে অনুসন্ধান অব্যাহত থাকবে।

মতামত দিন