অপরাধ
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িইয়ায় ইউপি সদস্যের সঙ্গে টাকা-পয়সার বিরোধে সংঘর্ষ, আহত ২০।

নিজস্ব প্রতিবেদকঃ

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ডাবিরঘর গ্রামে টাকা-পয়সা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে স্থানীয় ইউপি সদস্য বিউটি বেগম ও এক মুদি দোকানদারের পরিবারের মধ্যে সংঘর্ষে নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (১৩ জুলাই) দুপুরে মূলগ্রাম ইউনিয়নের ডাবিরঘর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, ইউপি সদস্য বিউটি বেগম ও তার স্বামী কবির মিয়ার কাছে মুদি দোকানি নুর আলমের ৩৩ হাজার টাকা বকেয়া ছিল। টাকা চাইতে গেলে রোববার দুপুরে কবির ও তার লোকজন নুর আলমের ওপর হামলা চালায়। পরে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুই পরিবারের নারী-পুরুষসহ অন্তত ২০ জন আহত হন।

আহত নুর আলমের ছেলে সাব্বির আলম জানান, তার দাদা আবদুর রাজ্জাক, দাদি নুরজাহান বেগম ও চাচি রুপা বেগম গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন।

অন্যদিকে, ইউপি সদস্য বিউটি বেগম দাবি করেন, ঘটনার পেছনে পুরোনো একটি মাজার সংক্রান্ত বিরোধ রয়েছে। তার স্বামী সে বিরোধে মধ্যস্থতা করায় প্রতিপক্ষ ক্ষিপ্ত হয়ে এ হামলা চালিয়েছে।

বিষয়টি নিয়ে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল কাদের জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এখনও কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মতামত দিন