অপরাধ
ছবি: সংগৃহীত

কুষ্টিয়ায় নদ খননে কোটি টাকার জ্বালানি আত্মসাৎ।

নিজস্ব প্রতিবেদকঃ

গড়াই নদ খননের নামে বন্ধ ড্রেজার ‘চালু’ দেখিয়ে কোটি টাকার জ্বালানি আত্মসাতের প্রমাণ মিলেছে কুষ্টিয়ায়। পানি উন্নয়ন বোর্ডের ড্রেজার বিভাগে রোববার (১৩ জুলাই) দুপুরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক অভিযানে এই অনিয়মের তথ্য উঠে আসে।

জেলা দুদকের সহকারী পরিচালক নীল কমল পালের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি টিম দুপুর ১২টা ৩০ মিনিটে অভিযান শুরু করে বিকেল ৩টার দিকে তা শেষ করে। এ সময় সংশ্লিষ্ট নথিপত্র, বিল-ভাউচার ও সরবরাহ প্রক্রিয়া পরীক্ষা করে ব্যাপক গরমিল পাওয়া যায়।

দুদক জানায়, দীর্ঘ সময় ড্রেজারগুলো বাস্তবে বন্ধ থাকলেও কাগজে ‘চালু’ দেখিয়ে প্রতিনিয়ত বিপুল পরিমাণ জ্বালানির বিল তৈরি করা হয়েছে। এতে তেল সরবরাহকারী প্রতিষ্ঠান মন্ডল ফিলিং স্টেশন জড়িত রয়েছে বলেও অভিযোগ ওঠে।

সহকারী পরিচালক নীল কমল পাল জানান, “আমরা প্রাথমিকভাবে তেল আত্মসাতের সত্যতা পেয়েছি। কাগজপত্রে একরকম, বাস্তবে সম্পূর্ণ অন্যরকম। আলামত সংগ্রহ করে মন্ত্রণালয়ে পাঠানো হবে। সেখান থেকেই পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”

দুদকের কর্মকর্তারা জানান, শুধু খননকাজ নয়, সংশ্লিষ্ট প্রকল্পে আরও কিছু অনিয়ম ও দুর্নীতির প্রাথমিক ইঙ্গিত পাওয়া গেছে। পুরো ঘটনা এখন গভীর তদন্তের আওতায় আনা হবে।

মতামত দিন