নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর মিটফোর্ড হাসপাতালে ব্যবসায়ী মোহাম্মদ চাঁদ মিয়া ওরফে সোহাগকে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যার ঘটনায় সজীব ও রাজিব নামে আরও দুইজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। ১২ জুলাই নেত্রকোনা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
এ নিয়ে এই মামলায় এখন পর্যন্ত মোট সাতজনকে গ্রেপ্তার করা হলো। এর আগে, ৯ জুলাই সন্ধ্যায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের মূল ফটকের কাছে তিন নম্বর গেট সংলগ্ন পাকা রাস্তায় চাঁদ মিয়াকে পাথর দিয়ে মাথায় আঘাত করে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় নিহতের বড় বোন কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। প্রকাশ্যে এমন নির্মম হত্যাকাণ্ড দেশজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে। এর প্রতিবাদে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থীরা বিক্ষোভ করে এবং দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়। ছাত্র-জনতার এই আন্দোলন রাজধানী ছাড়িয়ে দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সবাইকে শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে এবং তদন্তে অগ্রগতি হচ্ছে। সমাজের বিভিন্ন স্তরের মানুষ এই ঘটনায় দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে।

মতামত দিন