অপরাধ
ছবি: সংগৃহীত

পাবনার ঈশ্বরদীতে বালুমহাল দখলে ফের ফিল্মি স্টাইলে গুলি, যুবক গুলিবিদ্ধ।

নিজস্ব প্রতিবেদকঃ

পাবনার ঈশ্বরদীতে বালুমহালের দখল নিয়ে ফের উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। শনিবার (১২ জুলাই) সকালে সাড়া ও ইসলামপাড়া ঘাটে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে গুলিবিদ্ধ হয়েছেন সোহান হোসেন নামে এক যুবক।

আহত সোহান সাঁড়া ইউনিয়নের মাজদিয়া চৌধুরী পাড়ার বাসিন্দা সাহাবউদ্দিন মোল্লার ছেলে। স্থানীয়রা জানান, সকালে ঘাটের পাশে ঘাস কাটছিলেন সোহান। এ সময় হঠাৎ করে কয়েকটি স্পিডবোর্ড ও নৌকায় করে একদল সশস্ত্র ব্যক্তি এসে গুলি ছোড়ে। তাদের লক্ষ্য ছিল সাড়া ঘাট নিয়ন্ত্রণ নেওয়া।

গুলিবিদ্ধ অবস্থায় সোহানকে প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, পরে সেখান থেকে পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয়দের দাবি, এ ঘটনায় কাকন বাহিনী নামের একটি সন্ত্রাসী গ্রুপ জড়িত। এর আগেও ৫ জুন একই ঘাটে তারা প্রকাশ্যে গুলি চালিয়েছিল। সেই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ায় ব্যাপক সমালোচনার জন্ম দেয়। কয়েক সপ্তাহ না যেতেই ফের একই কায়দায় হামলা চালায় তারা।

ঘাটটি এখনো একটি বৈধ ইজারাদারের দখলে রয়েছে। তবে এলাকাবাসীর অভিযোগ, আশপাশের বেশিরভাগ বালুমহাল ইতোমধ্যে কাকন বাহিনী নিয়ন্ত্রণে নিয়ে ফেলেছে। শুধু সাড়া ঘাটে প্রতিরোধের মুখে বারবার ব্যর্থ হচ্ছে তারা।

এ ঘটনায় এখনও পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ। তবে পরিস্থিতি সামাল দিতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুন নূর বলেন, “ঘটনাটি আমরা গুরুত্ব দিয়ে তদন্ত করছি। দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে অভিযুক্ত আওয়ামী লীগ নেতা কাকন এবং উপজেলা যুবলীগের যুগ্ম-সম্পাদক মিলন চৌধুরীর সঙ্গে  এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

মতামত দিন