‘৫ কোটি টাকা’ চাঁদা না পেয়ে মিরপুর পল্লবীতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-গুলি।
শুক্রবার (১১ জুলাই) বিকেলে মিরপুরের পল্লবীর আলব্দিরটেক এলাকায় ‘এ কে বিল্ডার্স’ নামের একটি প্রতিষ্ঠানে প্রায় ৩০-৪০ জনের একটি দল দেশীয় অস্ত্রসহ হানা দেয়। ঘটনার সময় তারা চার রাউন্ড গুলি ছোড়ে বলে জানিয়েছে পুলিশ। গুলিতে প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা শরিফুল ইসলাম আহত হন। তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মো. কাইউম আলী খানের ছেলে আমিমুল এহসান গণমাধ্যমকে জানান,তিন সপ্তাহ আগে জামিল নামের এক ব্যক্তি তার বাবার কাছে পাঁচ কোটি টাকা দাবি করেন। চাঁদা না দেওয়ায় একাধিকবার প্রতিষ্ঠানে হামলা চালানো হয় এবং সিসিটিভি ক্যামেরা ও মালামাল লুটে নেওয়া হয়।
তিনি জানান, সর্বশেষ শুক্রবার বিকেলে বড় আকারে হামলা চালানো হয়। হামলাকারীরা ভবনের নিরাপত্তাকর্মীদের মারধর করে এবং ভয়াবহ আতঙ্ক সৃষ্টি করে।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল ইসলাম বলেন, “হামলা ও গুলির ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। এখনো মামলা হয়নি এবং কাউকে গ্রেপ্তার করা যায়নি। তবে ঘটনাটি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি।”
এর আগে কাইউম আলী খান গত ১০ জুলাই পল্লবী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। তিনি অভিযোগ করেন, গত ২৭ জুন এবং ৪ জুলাইও তাদের অফিসে হামলা হয়েছিল। ওই সময়ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
চলমান এই হামলা ও চাঁদাবাজির ঘটনায় স্থানীয় ব্যবসায়ীরা উদ্বিগ্ন। তারা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছেন।

মতামত দিন