অপরাধ
ছবি: সংগৃহীত

নেত্রকোনায় পারিবারিক কলহে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যা।

নিজস্ব প্রতিবেদকঃ

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় পারিবারিক কলহের জেরে এক দম্পতির মর্মান্তিক পরিণতি ঘটেছে। শনিবার (১২ জুলাই) দুপুরে উপজেলার কৈলাটি ইউনিয়নের নত্তিপাড়া গ্রামে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর নিজে আত্মহত্যা করেন স্বামী।

নিহতরা হলেন—রাবেয়া পারভীন (২৮) ও মো. রাশেদ মিয়া (৩৩)। তাঁরা উপজেলার নত্তিপাড়া গ্রামের  স্থায়ী বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই এই দম্পতির মধ্যে পারিবারিক বিরোধ চলছিল। শনিবার দুপুরে ওই বিরোধ চরমে পৌঁছালে ঘরের ভেতর তর্কাতর্কির একপর্যায়ে রাশেদ ধারালো অস্ত্র দিয়ে স্ত্রী রাবেয়াকে কুপিয়ে গুরুতর জখম করেন। এরপর ঘরের ভেতরেই ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।

ঘটনার পরপরই প্রতিবেশীরা চিৎকার শুনে ঘরে ঢুকে রাবেয়াকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে খবর পেয়ে কলমাকান্দা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় রাশেদের মরদেহ উদ্ধার করে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফর রহমান জানান,“ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্বামী-স্ত্রীর মধ্যকার দাম্পত্য কলহ থেকেই এই হত্যাকাণ্ড ও আত্মহত্যা ঘটেছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।”

পুলিশ বলছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং পরিবার ও প্রতিবেশীদের সঙ্গে কথা বলে বিস্তারিত তথ্য  সংগ্রহ করা হচ্ছে।

মতামত দিন