অপরাধ
ছবি: সংগৃহীত

পরকীয়ার জেরে বাংলাদেশ বিমানে বোমার মিথ্যা তথ্য, গ্রেপ্তার ৩।

নিজস্ব প্রতিবেদকঃ

বাংলাদেশ বিমানের ঢাকা-কাঠমাণ্ডু রুটের ফ্লাইট বিজি-৩৭৩-এ বোমা থাকার মিথ্যা তথ্য দিয়ে  বিমানবন্দরে আতঙ্ক ছড়ানোয় তিনজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। শনিবার (১২ জুলাই) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান।

র‍্যাব জানায়, তদন্তে জানা গেছে—পরকীয়া সম্পর্ক ঘিরেই এই ভুয়া তথ্যের নাটক সাজানো হয়েছিল। এক যুবক তাঁর প্রেমিকাকে নিয়ে নেপালে বেড়াতে যাচ্ছিলেন। বিষয়টি আঁচ করতে পেরে তার স্ত্রী বিমানযাত্রা ঠেকাতে পরিকল্পনা করেন এবং স্বামীকে যাত্রা থেকে বিরত রাখতে শেষ পর্যন্ত বোমা হুমকির কৌশল নেয়।

পরিকল্পনা অনুযায়ী, ওই যুবকের মা গতকাল (১১ জুলাই) বিমানবন্দরের কন্ট্রোল টাওয়ারে ফোন করে  বলেন—“বিজি-৩৭৩ ফ্লাইটে বোমা রয়েছে।” কল পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থান নেয়। নির্ধারিত সময়ের ঠিক আগে রানওয়ে থেকে উড্ডয়নের প্রস্তুতিপ্রাপ্ত বিমানটিকে থামানো হয়।

বিমানটিতে তল্লাশি চালিয়ে বোমার কোনো অস্তিত্ব না পাওয়া গেলে সেটি পরে কাঠমাণ্ডুর উদ্দেশ্যে ছেড়ে যায়। উড়োজাহাজটিতে ১৪২ জন যাত্রী ও ৭ জন ক্রু ছিলেন।

র‍্যাব মহাপরিচালক বলেন, “এমন স্পর্শকাতর স্থানে বোমার ভুয়া খবর দিয়ে শুধু রাষ্ট্রীয় সম্পদের অপচয় নয়, যাত্রীদের মাঝেও আতঙ্ক ছড়ানো হয়েছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

গ্রেপ্তার তিনজনের মধ্যে রয়েছেন অভিযুক্ত যুবক, তার স্ত্রী এবং শাশুড়ি। বিমানবন্দরে নিরাপত্তা বিঘ্নিত করায় তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে র‍্যাব।

মতামত দিন