নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়ন যুবদলের সভাপতি মনিরুজ্জামান মনিরকে চাঁদাবাজির মামলায় গ্রেপ্তারের পর দল থেকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) বিকেলে নরসিংদী জেলা যুবদলের সভাপতি মহসিন হোসাইন বিদ্যুৎ এ তথ্য নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, “দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি আদর্শবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে মনিরুজ্জামান মনিরকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হলো।” এতে বলা হয়, জেলা যুবদলের সভাপতি মহসীন হোসাইন বিদ্যুৎ ও সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সরকার হাসান যৌথভাবে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন। যদিও সাধারণ সম্পাদক হাসান বহিষ্কারের বিষয়ে সাংবাদিকদের জানান, তিনি এ ব্যাপারে কিছুই জানেন না।
এ বিষয়ে জেলা সভাপতি মহসীন বিদ্যুৎ বলেন, মনিরের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা রয়েছে এবং বর্তমানে তিনি জেলহাজতে আছেন। বিষয়টি গণমাধ্যমে আসার পর কেন্দ্রের নির্দেশে তাকে বহিষ্কার করা হয়েছে।
পলাশ থানার ওসি মো. মনির হোসেন জানান, ডাঙ্গা ইউনিয়নে নির্মাণাধীন কনফিডেন্স সিমেন্ট কারখানায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় মনিরকে প্রধান আসামি করে চাঁদাবাজির মামলা দায়ের করা হয়। মামলায় ২৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে অভিযুক্ত করা হয়। জেলা গোয়েন্দা পুলিশের সহায়তায় মনিরকে নরসিংদী সদর এলাকা থেকে গ্রেপ্তার করা হয় এবং আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
ঘটনার বিবরণ অনুযায়ী, গত ৩ জুলাই দুপুরে মনিরুজ্জামানের নেতৃত্বে ২৫-৩০ জনের একটি সশস্ত্র দল নির্মাণাধীন কারখানায় হামলা চালায়। হামলাকারীরা কারখানার ভেতরে ৬টি কক্ষে ভাঙচুর চালিয়ে মোবাইল, ল্যাপটপসহ মালামাল লুট করে নেয় এবং এতে ৭ শ্রমিক আহত হন।
এই ঘটনায় স্থানীয় রাজনীতিতে উত্তেজনা ছড়িয়ে পড়েছে এবং দলীয় শৃঙ্খলা বজায় রাখতে দলীয় সিদ্ধান্তকে ‘প্রয়োজনীয় পদক্ষেপ’ হিসেবে দেখছে স্থানীয় যুবদল নেতারা।

মতামত দিন