অপরাধ
ছবি: সংগৃহীত

"শেখ হাসিনার আর পালানোর পথ নেই: প্রেস সচিব শফিকুল আলম"

নিজস্ব প্রতিবেদক:

 শেখ হাসিনার বিরুদ্ধে এখন আর পালানোর কোনো পথ নেই বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বুধবার (৯ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

তিনি ওই পোস্টে সম্প্রতি বিবিসির অনুসন্ধানমূলক একটি প্রতিবেদনের কথা উল্লেখ করে শেখ হাসিনাকে বাংলাদেশের ইতিহাসে একটি ‘গণহত্যার দায়ী নেতৃত্ব’ হিসেবে চিহ্নিত করেন।

শফিকুল আলম লিখেছেন, জুলাইয়ের গণআন্দোলন নিয়ে বিবিসির গভীর অনুসন্ধানে উঠে এসেছে, শেখ হাসিনা নিজে বিক্ষোভকারীদের ওপর গুলি চালানোর নির্দেশ দিয়েছেন। প্রতিবেদনে শতাধিক শিশুসহ অসংখ্য মানুষের মৃত্যুর কথা তুলে ধরা হয়েছে। তিনি আরও দাবি করেন, এই প্রতিবেদন প্রকাশের ফলে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার জন্য আন্তর্জাতিক চাপ বাড়বে।

তার ভাষায়, “শেখ হাসিনাকে অবশ্যই গণহত্যার দায়ে বিচারের মুখোমুখি হতে হবে। তার আর কোনো পালানোর পথ নেই। দীর্ঘ ১৫ বছরের দমননীতি, সহিংসতা এবং হত্যাকাণ্ডের দায় কেউ এড়িয়ে যেতে পারবে না—নয় শেখ হাসিনা, নয় তার নির্দেশে যারা হত্যাকাণ্ড ঘটিয়েছে তারাও।”

এদিকে, বিবিসির অনুসন্ধানী ইউনিট ‘বিবিসি আই ইনভেস্টিগেশন’ তাদের প্রতিবেদনে জানায়, ২০২৪ সালের ১৮ জুলাই  শেখ হাসিনা একটি ফোনালাপে আন্দোলনকারীদের প্রতি প্রাণঘাতী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। ফাঁস হওয়া ওই ফোনালাপ অনুযায়ী, শেখ হাসিনা বলেন, “যেখানেই ওদের (বিক্ষোভকারী) পাওয়া যাবে, গুলি করা হবে।”

এই ফোনালাপটি গণভবন থেকে করা হয় বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। ২০২৫ সালের মার্চে অডিওটি ফাঁস হওয়ার পর বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তা যাচাই করে নিশ্চিত করে যে, সেটি শেখ হাসিনার কণ্ঠস্বরের সঙ্গে মিলে যায়। বিবিসি এটিকে আন্দোলনকারীদের ওপর গুলি চালানোর সরাসরি আদেশ হিসেবে উল্লেখ করেছে এবং বলেছে, এটি হতে পারে শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের গণহত্যার সবচেয়ে শক্তিশালী প্রমাণ।

মতামত দিন