নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের শ্রীপুর উপজেলায় অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রকে ফিল্মি কায়দায় অস্ত্রের মুখে অপহরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৮ জুলাই) বিকেলে গাজীপুর ইউনিয়নের ধনুয়া গ্রামের হাজী প্রি-ক্যাডেট স্কুলের সামনে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী স্কুলছাত্রের নাম মো. ফেরদৌস আহমেদ (১৪)। সে গাজীপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের মো. সাইফুল ইসলামের ছেলে। ভিডিওতে দেখা গেছে, কয়েকজন যুবক ফেরদৌসকে মারধর করতে করতে নিয়ে যাচ্ছে। তাকে বাঁচাতে গেলে স্কুলশিক্ষক রুবেল হোসেন ও কয়েকজন শিক্ষার্থী বাধা দেয়। তখন টিশার্ট পরিহিত একজন যুবক রুবেল স্যারের দিকে পিস্তল তাক করে ভয় দেখায়। এতে শিক্ষক ও শিক্ষার্থীরা দিকবিদিক ছুটতে থাকে।
নবম শ্রেণির ছাত্র হৃদয় জানান, স্কুল ছুটির পরপরই বাইরে গেলে কয়েকজন যুবক এসে ফেরদৌসকে ধরে মারধর করে। শিক্ষকরা এবং আমরা তাকে রক্ষা করতে চেষ্টা করি, কিন্তু একজন শিক্ষককে লক্ষ্য করে পিস্তল তাক করায় সবাই ভয় পেয়ে পালিয়ে যায়। প্রধান শিক্ষক নূরুন্নাহার জানান, সবাই মিলে ছুটে গেলেও অস্ত্র দেখে কেউ আর এগোতে সাহস করেনি। কী কারণে ছেলেটিকে তুলে নেওয়া হয়েছে, তা স্পষ্ট নয়। স্বজনদের মাধ্যমে দুই ঘণ্টা পর ফেরদৌসকে ফিরিয়ে দেওয়া হয়।
অপহৃত স্কুলছাত্রের মামা নাদিম মাহমুদ বলেন, ঘটনার পরপরই আমরা ঘটনাস্থলে যাই এবং অভিযুক্তদের স্বজনদের সঙ্গে যোগাযোগ করি। এরপর তারা দুই ঘণ্টা পর ফেরদৌসকে আমাদের কাছে হস্তান্তর করে। তবে কেন এই অপহরণ, তা এখনও পরিষ্কার নয়।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক বলেন, ঘটনার খবর পাওয়ার পরই পুলিশ অভিযান শুরু করেছে। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। পিস্তলটি আসল না নকল, তা গ্রেপ্তারের পর জানা যাবে। ঘটনার পেছনে প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

মতামত দিন