অপরাধ
ছবি: সংগৃহীত

বগুড়ার নন্দীগ্রামে মাদক নিয়ে যুবদল নেতাসহ গ্রেপ্তার ৩।

নিজস্ব প্রতিবেদক:

বগুড়ার নন্দীগ্রামে গোপন সংবাদের ভিত্তিতে চালানো অভিযানে হেরোইনসহ এক যুবদল নেতা ও তার দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযানে একটি প্রাইভেটকার ও মোবাইল  ফোনও জব্দ করা হয়।

সোমবার (৭ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার রণবাঘা এলাকায় এই অভিযান চালানো হয়।

গ্রেপ্তার তিনজনের মধ্যে রয়েছেন—শামীম আহম্মেদ সবুজ (২৮), যিনি খোট্টাপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য; মো. শিবলু (২৮) এবং রফিকুল ইসলাম (২৮)। পুলিশ জানায়, তিনজনই বগুড়ার শাজাহানপুর ও সদরের বিভিন্ন এলাকার বাসিন্দা।

বগুড়া ডিবির এসআই আরিফ জানান, রাজশাহীর গোদাগাড়ী থেকে হেরোইন এনে তারা বগুড়ায় প্রবেশ করছিলেন। খবর পেয়ে রণবাঘা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গাড়ি তল্লাশিতে ৭০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত শামীম আহম্মেদ সবুজ এর আগেও একাধিকবার মাদকসহ আটক হয়েছেন। কিছুদিন আগে ২০০ গ্রাম হেরোইনসহ র‌্যাবের হাতে ধরা পড়লেও জামিনে বেরিয়ে ফের মাদক কারবারে যুক্ত হন।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মাদক চক্রের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে বলেও জানান তিনি।

মতামত দিন