অপরাধ
ছবি: সংগৃহীত

২৫০ বছর পুরোনো হাজী মুহাম্মদ মহসিনের ইমামবাড়ায় চুরি।

নিজস্ব প্রতিবেদক:

যশোরের মুড়লি এলাকায় অবস্থিত হাজী মুহাম্মদ মহসিনের স্মৃতিস্মারক প্রাচীন ইমামবাড়ায় দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। এ ঐতিহাসিক স্থাপনায় শিয়া সম্প্রদায়ের মহররম অনুষ্ঠানে ব্যবহৃত শতবর্ষী মূল্যবান বস্তুসহ বিভিন্ন পুরাকীর্তি জিনিস চুরি হয়েছে।

স্থানীয় সময় রোববার (৭ জুলাই) রাতে ইমামবাড়ার প্রধান ফটকের তালা ভেঙে চোরেরা প্রবেশ করে। সোমবার (৮ জুলাই) ইমামবাড়ার কার্যকরী পরিষদের সম্পাদক সিরাজুল ইসলাম কোতোয়ালি মডেল থানায় এ ব্যাপারে অভিযোগ দায়ের করেন।

প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে সংরক্ষিত এ স্থাপনা নির্মাণ করেন হাজী মুহাম্মদ মহসিনের সৎবোন মন্নুজান খানম, যিনি ১৭৬৪ থেকে ১৮০৩ সাল পর্যন্ত জমিদারিত্ব করেন। বর্তমানে এটি শিয়া সম্প্রদায়ের প্রার্থনার স্থান হিসেবে ব্যবহৃত হচ্ছে।

অভিযোগ অনুযায়ী, চোরেরা ইমামবাড়ায় থাকা দেড়শ বছরের পুরনো দুইটি ছয় ভরির পাঞ্জা, চেয়ার, ফ্যান, এমপ্লিফায়ার, স্পিকারসহ মূল্যবান পুরাকীর্তি সামগ্রী নিয়ে গেছে।

স্থানীয়রা অভিযোগ করেছেন, এর আগেও ইমামবাড়ায় চুরি হয়েছে। কিন্তু প্রত্নতত্ত্ব অধিদপ্তর থেকে সিসি ক্যামেরা ও নাইটগার্ডের ব্যবস্থা না করায় পুনরায় এ ধরনের ঘটনা ঘটেছে। এছাড়াও সন্ধ্যা নামার পর বহিরাগতদের উৎপাত বেড়ে যায়, অথচ প্রশাসনের যথাযথ পদক্ষেপ নেওয়া হয়নি।

যশোর কোতোয়ালি মডেল থানার ওসি আবুল হাসনাত জানান, অভিযোগ পেয়েছি এবং বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মতামত দিন