ঘুষ নিয়ে আসামি মুক্তি: লোহাগড়ায় এএসআই প্রত্যাহার।
নিজস্ব প্রতিবেদক:
নড়াইলের লোহাগড়া থানায় নাশকতা মামলার এক আসামিকে ঘুষের বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগে সহকারী উপপরিদর্শক (এএসআই) ইলিয়াস হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। সোমবার (৭ জুলাই) রাত ৮টায় বিষয়টি নিশ্চিত করেন লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম।
সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা কাজী ইয়াজুর রহমান বাবুর দায়ের করা এক নাশকতা মামলার আসামি মো. জিল্লুর রহমানকে গত ৫ জুলাই রাতে ৪০ হাজার টাকার বিনিময়ে ছেড়ে দেন এএসআই ইলিয়াস। এ বিষয়ে মামলার বাদী বাবু ৬ জুলাই সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করলে বিষয়টি ভাইরাল হয়। পরে সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হলে দ্রুত ব্যবস্থা নেয় পুলিশ প্রশাসন।
স্থানীয়দের অভিযোগ, অভিযুক্ত এএসআই ইলিয়াস হোসেনের বিরুদ্ধে এর আগেও ঘুষ লেনদেনসহ নানা অভিযোগ ছিল। পুলিশ ভেরিফিকেশনসহ অন্যান্য কাজের বিনিময়ে তিনি প্রায়শই ঘুষ নিতেন বলে অভিযোগ রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে এবং ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়ায় তাকে থানা থেকে ক্লোজড করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।
পুলিশ বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, ‘‘বিষয়টি স্পর্শকাতর এবং পুলিশের ভাবমূর্তির সঙ্গে জড়িত। তাই কাউকে ছাড় দেওয়া হবে না।’’
মামলার বাদী কাজী ইয়াজুর রহমান বাবু বলেন, ‘‘দ্রুত তদন্ত করে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পুলিশের দুর্নীতিবাজ সদস্যদের কারণে সাধারণ মানুষ বারবার প্রতারিত হচ্ছে।’’
ওসি শরিফুল ইসলাম জানান, ‘‘ঘটনার তদন্ত চলমান। প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়ায় এএসআই ইলিয়াস হোসেনকে ক্লোজ করা হয়েছে।’’
মতামত দিন