অপরাধ
ছবি: সংগৃহীত

শেখ হাসিনার সাবেক সহকারী একান্ত সচিব লিকুর জমি জব্দ, ব্যাংক হিসাব ফ্রিজ।

নিজস্ব প্রতিবেদক:

শেখ হাসিনার সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) গাজী হাফিজুর রহমান লিকুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তার মালিকানাধীন বিভিন্ন সম্পদ জব্দ করার নির্দেশ দিয়েছে আদালত। সোমবার (৭ জুলাই) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

লিকুর নামে উত্তরার রাজউক থেকে বরাদ্দকৃত ১৩ লাখ ৬০ হাজার ৮০০ টাকার তিন কাঠা জমি এবং গোপালগঞ্জ সদরের ৩০ লাখ ১১ হাজার টাকার ১৪ শতাংশ জমি জব্দ করা হয়েছে। পাশাপাশি, তার দুটি ব্যাংক হিসাবে থাকা পাঁচ লাখ ৮৬ হাজার ৪১২ টাকা এবং একটি সঞ্চয়ী হিসাবের পাঁচ লাখ টাকা অবরুদ্ধ করা হয়েছে।

দুদকের পক্ষে আবেদনে বলা হয়, হাফিজুর রহমান লিকু সাবেক প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার করে ৫৫ লাখ ৩২ হাজার ৮৮০ টাকা মূল্যের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা তৎসহ দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এর ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় তারর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

মামলার তদন্তে জানা গেছে, লিকু তার মালিকানাধীন স্থাবর ও অস্থাবর সম্পদ অন্যত্র হস্তান্তর বা বেহাত করার চেষ্টা করছেন, তাই এসব সম্পদ অবরুদ্ধ করা জরুরি ছিল।

এর আগে, ১৪ অক্টোবর, ২০২৪ আদালত হাফিজুর রহমান লিকু ও তার স্ত্রী রহিমা আক্তারের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন।

মতামত দিন