পুলিশের গ্রেপ্তার অভিযানের ১ ঘণ্টা পর যুবদল নেতা আমজাদ হোসেনের লাশ উদ্ধার।
নিজস্ব প্রতিবেদক:
ঢাকার নবাবগঞ্জের মাঝিরকান্দা এলাকায় বাড়ির পাশের ক্ষেত থেকে আমজাদ হোসেন (৫০) নামের এক যুবদল নেতার লাশ উদ্ধার করা হয়েছে। রোববার (৬ জুলাই) ভোর ৫টার দিকে তার লাশ উদ্ধার হয়।
নিহত আমজাদ হোসেন নবাবগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। তিনি মৃত আবদুল খালেকের ছেলে এবং তার বিরুদ্ধে অন্তত ২০টি মামলা ছিল, যার মধ্যে একটি চেক জালিয়াতির মামলায় তার বিরুদ্ধে এক বছরের সাজা পরোয়ানা ছিল।
স্থানীয় সূত্র জানায়, রোববার ভোর ৪টার দিকে নবাবগঞ্জ থানা পুলিশ চেক জালিয়াতির মামলায় আমজাদ হোসেনকে গ্রেপ্তারে তার বাড়িতে যায়। তবে তাকে না পেয়ে পুলিশ ফিরে যায়। পুলিশ চলে যাওয়ার পর আমজাদ ঘর থেকে বের হন, এবং পরিবারের ধারণা, তিনি ফজরের নামাজ পড়তে মসজিদে গিয়েছিলেন। পরে ভোর ৫টার দিকে স্থানীয়রা ধনচক্ষের পাশে আমজাদের লাশ পড়ে থাকতে দেখে তার পরিবারের সদস্যদের খবর দেয়।
নিহতের স্ত্রী মাহফুজা বেগম বলেন, "আমি জানি না আমার স্বামী কীভাবে মারা গেল, আল্লাহর কাছে বিচার চাই।" নিহতের বড় মেয়ে আশা আক্তার বলেন, "বাবার মুখে ও চোখের কোণে জখমের চিহ্ন রয়েছে, বাবাকে কেউ হত্যা করেছে কি না, তা এখনো বলতে পারি না।"
নিহতের ভাই জাহিদুল ইসলাম বলেন, "আমার ভাই রাজনীতি করতেন এবং তার অনেক প্রতিপক্ষ ছিল। পুলিশ তাকে ধরতে আসলেও সে কেন সেখানে গিয়ে পড়ে মারা গেল, আমরা বুঝতে পারছি না।"
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম বলেন, "আমজাদ হোসেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হতে ময়নাতদন্ত করাটা জরুরি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।"
তিনি আরও বলেন, "আমজাদের নামে সাজার পরোয়ানা ছিল, পুলিশ তাকে ধরতে যায়। বাসার দরজা না খোলায় পুলিশ ফিরে আসে। পরে স্থানীয়রা মোবাইল ফোনে আমজাদের মৃত্যুর খবর জানান।"
অভিযানে অংশ নেওয়া উপপরিদর্শক (এসআই) রাজিবুল ইসলাম ও দেলোয়ার হোসেন বলেন, "তারা আমজাদের বাড়িতে ঢোকেননি।"
মতামত দিন