অপরাধ
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের রাউজানে যুবদল কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা।

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রামের রাউজান উপজেলায় মো. সেলিম (৪২) নামে এক যুবদল কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (৬ জুলাই) উপজেলার কদলপুর ইউনিয়নের ইশান ভট্টের হাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সেলিম কদলপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের শমসের পাড়া এলাকার বাসিন্দা। তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর ঘনিষ্ঠ অনুসারী ছিলেন বলে  স্থানীয় সূত্রে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় পরিবারের সদস্যদের সঙ্গে বাড়ি ফিরছিলেন সেলিম। এ সময় একটি সিএনজি অটোরিকশায় বোরকা পরে আসা দুর্বৃত্তরা হঠাৎ তার পথরোধ করে মাথায় গুলি করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।"

হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে বলে জানান তিনি।

মতামত দিন