নৌকায় মাছ ধরার ছলে ইয়াবা বেচাকেনা, রাজৈরে ৪ জন গ্রেপ্তার।
রাজৈর থানার পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নদীতে অবস্থানরত একটি নৌকা থেকে এক নারীসহ চারজনকে হাতেনাতে আটক করা হয়। আটককৃতরা হলেন বাজিতপুরের টুম্মা বেগম (৩০), নয়ন খালাসি (২০), অনিক হাওলাদার (২২) এবং সদর উপজেলার সজিব ঘরামী (২০)।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাসুদ খান জানান, দীর্ঘদিন ধরে সুমন হাওলাদার ও তার ভাই সোহেল হাওলাদার এই ব্যবসার সঙ্গে জড়িত। তারা নদীর মাঝখানে টং ঘর ও নৌকা ব্যবহার করে গোপনে ইয়াবার কারবার চালাতেন। মূল দুই অভিযুক্ত সুমন ও সোহেল ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হলেও তাদের ঘনিষ্ঠ সহযোগীদের আটক করা হয়েছে।
তিনি আরও বলেন, “এই চক্র এতটাই কৌশলী যে অপরিচিত কেউ কাছে গেলেই তারা ইয়াবা পানিতে ফেলে দেয়। কারণ পানি লাগলে ইয়াবা নষ্ট হয়ে যায় এবং ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে। ফলে প্রমাণসহ আটক করা কঠিন হয়ে পড়ে।”
তবে পুলিশ দাবি করছে, মাদক নির্মূলে নিয়মিত অভিযান চালানো হচ্ছে এবং এই ধরনের অপরাধ দমনে কঠোর নজরদারি বজায় থাকবে।
মতামত দিন