কলাবাগানে এইচএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত, চাপাতিসহ ছিনতাইকারী গ্রেফতার।
রাজধানীর কলাবাগানে এক এইচএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত করে ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্ত এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তার কাছ থেকে একটি চাপাতিও উদ্ধার করা হয়েছে।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (৩ জুলাই) ভোরে ধানমন্ডির মেহেরুন্নিসা গার্লস স্কুল অ্যান্ড কলেজের সামনে। ছুরিকাঘাতে আহত শিক্ষার্থীর নাম রিনা ত্রিপুরা। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।
রিনা বান্দরবানের থানচি উপজেলার বিদ্যামনি পাড়ার অন্দ্রমনি ত্রিপুরার মেয়ে। পরিবার সূত্রে জানা যায়, তিনি মেহেরুন্নিসা গার্লস স্কুল অ্যান্ড কলেজের ছাত্রীনিবাসে থাকতেন। পরীক্ষার জন্য বুধবার রাতে খাগড়াছড়ি থেকে ঢাকায় ফিরে ভোরবেলায় কলেজের সামনে পৌঁছান। ঠিক তখনই দুটি ব্যাগ হাতে থাকা অবস্থায় দুই ছিনতাইকারী তার রিকশার গতিরোধ করে। ছিনতাইয়ের সময় রিনাকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা তার ব্যাগ দুটি ছিনিয়ে নেয়। ব্যাগে মূল্যবান কাগজপত্র ও জিনিসপত্র ছিল বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।
পরে গুরুতর অবস্থায় তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর তদন্তে নামে কলাবাগান থানা পুলিশ। অভিযান চালিয়ে এক সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে, যার কাছ থেকে একটি চাপাতি উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেফতার ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। এলাকায় ছিনতাই চক্র সম্পর্কে অতিরিক্ত নজরদারির কথা জানিয়েছে সংশ্লিষ্ট থানা কর্তৃপক্ষ।

মতামত দিন