অপরাধ
ছবি: সংগৃহীত

মোটরসাইকেলের টাকার জন্য বাবাকে হত্যা,ছেলে পলাতক।

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মোটরসাইকেল কেনার টাকা না পেয়ে বাবাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। শুক্রবার (৪ জুলাই) সকালে উপজেলার পূর্বপাড়া এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

নিহত ব্যক্তি মো. মাহবুব (৪২) পেশায় কৃষক ছিলেন। এলাকাবাসীর দাবি, তার একমাত্র ছেলে মো. ইয়াসিন (২২) মাদকাসক্ত। ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে ইয়াসিন তার বাবার কাছে মোটরসাইকেল কেনার জন্য টাকা দাবি করেন। মাহবুব তা দিতে অস্বীকৃতি জানালে বাবা-ছেলের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। একপর্যায়ে ইয়াসিন হাতুড়ি দিয়ে বাবার মাথাসহ শরীরের বিভিন্ন অংশে এলোপাতাড়ি আঘাত করেন। গুরুতর আহত মাহবুবকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন বলেন, "নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে দেখা গেছে, মোটরসাইকেলের টাকা না দেওয়ায় এই হত্যাকাণ্ড ঘটেছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।"

এলাকাবাসীর অনেকে জানান, ইয়াসিন দীর্ঘদিন ধরেই মাদক সেবন করে আসছিলেন এবং পরিবারের সঙ্গে খারাপ আচরণ করতেন। তারা দ্রুত এই হত্যার বিচার দাবি করেছেন।

ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ বলছে, হত্যাকাণ্ডের পেছনের প্রকৃত কারণ জানার জন্য তদন্ত অব্যাহত রয়েছে।

মতামত দিন