চুরি হওয়া সোনার গয়না পরে স্ত্রীর টিকটক,চোরচক্রের সদস্য স্বামী গ্রেফতার।
বৃহস্পতিবার (৩ জুলাই) দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াছ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
সোহেল মিয়া কুমিল্লার মুরাদনগর উপজেলার চন্দ্রনাইল গ্রামের বাসিন্দা। পুলিশ বলছে, তিনি একটি সংঘবদ্ধ চোর চক্রের সক্রিয় সদস্য, যারা দেশের বিভিন্ন এলাকায় সোনার দোকানে চুরির সঙ্গে জড়িত।
জানা গেছে, গত ১৬ মে দেবিদ্বারের নিউমার্কেট এলাকার একটি জুয়েলারি দোকানে বড় ধরনের চুরির ঘটনা ঘটে। ‘খাদিজা শিল্পালয়’ নামে দোকানটির মালিক মো. জাকির হোসেন জুমার নামাজ শেষে ফিরে এসে দেখেন, তার দোকানের তালা ভাঙা এবং শোকেস থেকে প্রায় ৪০ ভরি সোনার গয়না উধাও।
ঘটনার পরপরই কুমিল্লার ইপিজেড এলাকায় সোনা বিক্রি করতে গিয়ে আবু তাহের ও তার স্ত্রী শারমিন আক্তার পুলিশের হাতে ধরা পড়েন। পরে তাদের স্বীকারোক্তিতে মূল পরিকল্পনাকারী আবুল কাসেম এবং এরপর উঠে আসে সোহেল মিয়ার নাম।
তদন্ত কর্মকর্তা এসআই মাজহারুল ইসলাম জানান,সোহেল মিয়া বিভিন্ন ভাড়াবাড়িতে থেকে দোকান চিহ্নিত করতেন এবং দল নিয়ে চুরির পরিকল্পনা করতেন। চুরি করা সোনার গয়না তার স্ত্রী শাহীন আক্তার পরে ভিডিও করতেন টিকটকে। সেখান থেকেই পুলিশের সন্দেহের সূত্রপাত।
তিনি বলেন, “সোহেলের মোবাইল ট্র্যাক করে দেখা যায়, তার স্ত্রী চুরি করা গয়নাগুলো পরেই নিয়মিত ভিডিও করতেন। এটাই আমাদের বড় সূত্র হয়ে দাঁড়ায়।”
পুলিশ জানায়, সোহেলসহ মোট চারজনকে এ মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে এবং বৃহস্পতিবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।

মতামত দিন