অপরাধ
ছবি: সংগৃহীত

দেশজুড়ে পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেপ্তার ১ হাজার ৩০৫।

নিজস্ব প্রতিবেদক:

সারাদেশজুড়ে পরিচালিত বিশেষ অভিযানে একদিনে ১ হাজার ৩০৫ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল পর্যন্ত টানা ২৪ ঘণ্টার এই অভিযানে ওয়ারেন্টভুক্ত ও চলমান মামলার আসামিদের পাশাপাশি অন্যান্য অপরাধে জড়িতদেরও গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২ জুলাই) পুলিশ সদর দপ্তরের এক বিবৃতিতে জানানো হয়, গ্রেপ্তারকৃতদের মধ্যে ৮৪০ জন বিভিন্ন মামলায় অভিযুক্ত এবং আদালতের ওয়ারেন্টভুক্ত। এছাড়া অন্যান্য অভিযোগে আটক করা হয়েছে আরও ৪৬৫ জনকে।

অভিযান চলাকালে পুলিশ অস্ত্র ও গোলাবারুদও উদ্ধার করেছে। উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড গুলি এবং একটি স্টিলের ধারালো অস্ত্র।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় ও পুলিশ সদর দপ্তরের তত্ত্বাবধানে চলমান এই অভিযানের লক্ষ্য হচ্ছে অপরাধ প্রবণতা কমিয়ে আনা এবং আসন্ন রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি শান্তিপূর্ণ রাখা।

পুলিশ সদর দপ্তর জানিয়েছে, দেশব্যাপী এই অভিযান অব্যাহত থাকবে। আইন-শৃঙ্খলা রক্ষায় আরও জোরালো পদক্ষেপ নেওয়ার ঘোষণাও এসেছে দপ্তরটির পক্ষ থেকে।

মতামত দিন