অপরাধ
ছবি: সংগৃহীত

তিন দিন পর বিদ্যুৎ ফিরেছে রাঙ্গাবালীতে, ক্যাবল চুরির ঘটনায় দুইজন আটক।

নিজস্ব প্রতিবেদক:

পটুয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা রাঙ্গাবালীতে সাবমেরিন ক্যাবল কেটে নেওয়ার ঘটনায় তিন দিন পর অবশেষে স্বাভাবিক হয় বিদ্যুৎ সরবরাহ। টানা অন্ধকারে থাকার পর সোমবার (৩০ জুন) রাত ১২টার দিকে গ্রিড সংযোগ পুনরায় চালু হয়।

পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো. আবুল কাশেম নিশ্চিত করেন, নদীর তলদেশে ক্ষতিগ্রস্ত ক্যাবল মেরামতের পর সোমবার রাত থেকে আবারও বিদ্যুৎ সরবরাহ শুরু হয়।

জানা গেছে, গত শনিবার (২৮ জুন) গভীর রাতে একদল চোর গহিনখালী এলাকার নদীর তলা থেকে সাবমেরিন ক্যাবল কেটে নেয়। এতে তাৎক্ষণিক পুরো রাঙ্গাবালী উপজেলা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। স্থানীয়দের সন্দেহে দুইজনকে হাতেনাতে আটক করে পুলিশে হস্তান্তর করা হয়। তাদের কাছ থেকে চুরির  কাজে ব্যবহৃত ট্রলার ও যন্ত্রপাতিও উদ্ধার করা হয়েছে।

রাঙ্গাবালী থানার ওসি এমারত হোসেন জানান, “আটক দুজনের বিরুদ্ধে মামলা হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাওয়া হয়েছে। চক্রটির সঙ্গে আর কারা জড়িত, সে বিষয়ে তদন্ত চলছে।”

দীর্ঘ বিদ্যুৎ বিচ্ছিন্নতায় সবচেয়ে বিপর্যয়ে পড়ে রাঙ্গাবালীর শিক্ষার্থী, ব্যবসায়ী ও হাসপাতালের রোগীরা। মোবাইল ও ইন্টারনেট সংযোগ না থাকায় শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠদান কার্যক্রম থেকে শুরু করে জরুরি স্বাস্থ্যসেবা পর্যন্ত কার্যত অচল হয়ে পড়ে।

স্থানীয় বাসিন্দারা বলছেন, এমন একটি গুরুত্বপূর্ণ সংযোগ চাইলেই যেন কেউ কেটে নিতে পারে—এটা নিরাপত্তাহীনতার বড় উদাহরণ। তারা বিকল্প ব্যবস্থা গ্রহণ ও নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এমন পরিস্থিতির পুনরাবৃত্তি না ঘটে।

মতামত দিন