বাবুই পাখির শতাধিক বাসা ধ্বংসে প্রধান অভিযুক্ত মোবারক ফকির গ্রেপ্তার।
প্রাকৃতিকভাবে সংরক্ষিত বাবুই পাখির এক বিশাল আবাস ছিল তালগাছে। গাছটি কাটার ফলে প্রায় পাঁচ শতাধিক ডিম ও ছানা নষ্ট হয়ে যায়, যা স্থানীয়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়া তৈরি করে। এলাকাবাসীর অভিযোগ, গাছটি ছিল একটি জীববৈচিত্র্যের আশ্রয়স্থল। সেই আশ্রয় ধ্বংস করে প্রকৃতির সঙ্গে চরম অপরাধ করেছে অভিযুক্তরা।
জানা গেছে, সরকারি সড়কের পাশের তালগাছটি স্থানীয় মোবারক ফকির অন্য একজনের কাছে বিক্রি করেন। গাছ কাটার সময় বাসা-ছানাসহ বাবুইদের জীবনের অবসান ঘটে।
ঘটনার পর এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। অনেকে একে ‘পরিবেশের বিরুদ্ধে অপরাধ’ হিসেবে আখ্যায়িত করেন। প্রাণী সংরক্ষণ কর্মী ও সাধারণ মানুষ অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
ঝালকাঠি সদর উপজেলার ইউএনও ফারহানা ইয়াসমিন জানান, বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে বন বিভাগকে নির্দেশনা দেওয়া হয়েছে এবং পরিবেশ সংরক্ষণ আইনে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, বাবুই পাখি শুধু বাংলাদেশের পরিবেশে গুরুত্বপূর্ণ নয়, এটি একটি সাংস্কৃতিক ও পরিবেশগত প্রতীক। তাদের বাসা তৈরির শৈল্পিকতা বিশ্বব্যাপী পরিচিত। এমন নৃশংস ঘটনায় পরিবেশবাদীরা শঙ্কা প্রকাশ করেছেন—এই ধরণের উদাসীনতা জীববৈচিত্র্য রক্ষায় বড় হুমকি হয়ে উঠতে পারে।
মতামত দিন