সুনামগঞ্জ সীমান্তে ৫ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ।
সোমবার (৩০ জুন) দিবাগত রাতের অভিযানে বিপুল পরিমাণ শাড়ি, লেহেঙ্গা, কসমেটিকস ও চকলেট উদ্ধার করা হয়।
২৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাকারিয়া কাদির জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার রঙ্গারচরে অভিযান চালানো হয়। অভিযানে ৪ হাজার ২৮৬টি ভারতীয় শাড়ি, ১৩টি লেহেঙ্গা, প্রায় ৫ হাজার কসমেটিকস পণ্য ও ২০ হাজার স্নিকার্স চকলেট জব্দ করা হয়।
জাকারিয়া কাদির বলেন, "আমাদের ৯০ কিলোমিটার সীমান্তজুড়ে নজরদারি জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে এ ধরনের সফল অভিযান পরিচালিত হচ্ছে।"
তিনি আরও জানান, শুধু গত এক মাসেই সুনামগঞ্জ সীমান্ত এলাকা থেকে প্রায় ১৪ কোটি টাকার চোরাচালানি পণ্য আটক করা হয়েছে।
সীমান্তবর্তী এলাকায় বিজিবির নজরদারি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এমন আরও অভিযান চালানো হবে বলেও জানান কর্মকর্তারা।

মতামত দিন