অপরাধ
ছবি: সংগৃহীত

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ৪ জন নিহতের ঘটনায় ঘাতক বাসচালক গ্রেপ্তার।

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাণঘাতী সড়ক দুর্ঘটনার ঘটনায় পলাতক বাসচালক আবু তাহের অপুকে গ্রেপ্তার করেছে র‍্যাব ও হাসাড়া হাইওয়ে থানা পুলিশ। রোববার (২৯ জুন) রাতে নড়াইলের লোহাগড়া উপজেলার একটি গ্রাম থেকে যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

সোমবার (৩০ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেন হাসাড়া হাইওয়ে থানার ওসি আব্দুল কাদির জিলানী।

গ্রেপ্তার হওয়া আবু তাহের (২৯) যশোর জেলার বাসিন্দা। তার বিরুদ্ধে শ্রীনগর থানায় সড়ক পরিবহন আইনের অধীনে ২০১৮ এর ৯৮ ও ১০৫ মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানায়, এক্সপ্রেসওয়ের হাসাড়া এলাকায় ‘লন্ডন স্কুল’-এর সামনে হামদান এক্সপ্রেস পরিবহনের একটি বাস বিপরীতমুখী ট্রাকের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। এতে ঘটনাস্থলেই চার যাত্রীর মৃত্যু হয়।দুর্ঘটনার পর চালক দ্রুত স্থান ত্যাগ করেন।

ঘটনার পরপরই চালককে শনাক্ত করে যশোরের বাঘারপাড়া থানার চারাভিটা গ্রাম ও আশপাশের এলাকায় অনুসন্ধান চালায় র‍্যাব ও পুলিশ। একপর্যায়ে লোহাগড়ার গণ্ডপ কাশিমপুর গ্রামে অবস্থান নিশ্চিত করে অভিযানে নামে তারা। রাত সাড়ে ১০টার দিকে আবু তাহেরকে আটক করা হয়।

ওসি জিলানী আরও জানান, গ্রেপ্তারের পর চালককে সোমবার আদালতে পাঠানো হয়েছে এবং মামলার  আইনি কার্যক্রম অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, এই দুর্ঘটনাটি দেশের বহুল ব্যবহৃত এক্সপ্রেসওয়েতে সড়ক নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

মতামত দিন