অপরাধ
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে জমি বিরোধে প্রধান শিক্ষককে প্রকাশ্যে বেঁধে মারধর।

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রামের সাতকানিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে এক প্রধান শিক্ষককে রশি দিয়ে দোকানের খুঁটির সঙ্গে বেঁধে মারধরের ঘটনা চাঞ্চল্য তৈরি করেছে। সম্প্রতি ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে প্রশাসনের নজরে আসে বিষয়টি।

ভুক্তভোগী শিক্ষক আবদুর রহমান বান্দরবানের ভাগ্যকুল কদুখোলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সাতকানিয়ার কেঁওচিয়া ইউনিয়নের বাসিন্দা। তিনি অভিযোগ করেন, ২৭ জুন রাতে স্থানীয় দোকানদার মো. হানিফ কৌশলে তাকে বাজারে ডেকে নেন। এরপর সেখানে ১০ থেকে ১২ জন মিলে তাকে দোকানের খুঁটির সঙ্গে বেঁধে মারধর করে। অভিযুক্তদের মধ্যে আবু বক্কর, হানিফ, হান্নান, সোহাগ, ইকবাল ও মুসলিম উদ্দিন হিরুর নাম উল্লেখ করেন তিনি।

অন্যদিকে, অভিযুক্ত মুসলিম উদ্দিন হিরু সামাজিক মাধ্যমে দাবি করেন, শিক্ষক আবদুর রহমান জমির  বেশি অংশ দখল করে রেখেছেন এবং আলোচনার সময় তার বাবাকে ধাক্কা দিয়েছেন। তবে মারধরের বিষয়টি তিনি স্বীকার করেননি।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম জানান, ঘটনার ভিডিও ও লিখিত অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন বিশ্বাস বলেন, “একজন শিক্ষকের সঙ্গে এমন আচরণ অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। আমি নিজেও ভিডিওটি দেখেছি এবং ইতোমধ্যে পুলিশকে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।”

স্থানীয়ভাবে জমি সংক্রান্ত বিরোধের জেরে এ ধরনের হেনস্তা ও সহিংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন সচেতন মহল। বিষয়টি নিয়ে প্রশাসন এখন তৎপর হলেও এলাকায় এখনো উত্তেজনা বিরাজ করছে।

মতামত দিন