অপরাধ
ছবি: সংগৃহীত

ঈশ্বরদীতে মাদক ব্যবসার প্রতিবাদ করায় মা-মেয়েকে গুলি।

নিজস্ব প্রতিবেদক:

পাবনার ঈশ্বরদীতে মাদক ব্যবসার প্রতিবাদ করায় এক নারী ও তার মাকে গুলিবিদ্ধ করার অভিযোগ উঠেছে। রোববার (২৯ জুন) রাত সাড়ে ১০টার দিকে পৌরসভার পূর্ব নূর মহল্লা বস্তিপাড়ায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন স্থানীয় বাসিন্দা বুলবুলি বেগম (৬৫) ও তার মেয়ে আলেয়া খাতুন (৩৭)। আহতদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে পরে বুলবুলিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ভুক্তভোগী আলেয়া খাতুন জানান, অভিযুক্ত আসাদুল দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছে। ঘটনার দিন তিনি দুই কিশোরকে মাদক বিক্রির সময় ধরে জিজ্ঞাসা করেন এবং তাদের শাস্তি দেন। এ ঘটনার জেরে আসাদুল ক্ষিপ্ত হয়ে সশস্ত্র অবস্থায় এসে মা-মেয়েকে গুলি করে পালিয়ে যায়।

আসাদুল নাটোরের লালপুর উপজেলার রুইগাড়ী গ্রামের মৃত ইক্কাসের ছেলে।

ঈশ্বরদী থানার ওসি আ স ম আব্দুন নূর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং তদন্ত চলছে। প্রাথমিকভাবে ঘটনাটি এলাকায় পূর্ব বিরোধ ও আধিপত্য বিস্তারজনিত বলেই ধারণা করা হচ্ছে।

তিনি জানান, স্থানীয় রাজনৈতিক নেতার মধ্যস্থতায় আগের বিরোধ মীমাংসার কথা থাকলেও তা না  হওয়ায় আবার উত্তেজনা তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আসামিকে ধরতে অভিযান চলছে।

এ ঘটনায় এখনো অভিযুক্ত আসাদুলের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

মতামত দিন