লক্ষ্মীপুরে মাদকের টাকার জন্য বাবাকে কুপিয়ে হত্যা,ছেলে গ্রেপ্তার।
র্যাব জানায়, রোববার (২৯ জুন) রাতে ঢাকেশ্বরী মন্দির এলাকা থেকে অভিযান চালিয়ে মামুনকে গ্রেপ্তার করা হয়।
ঘটনার সূত্রপাত গত ১১ জুন। ওই রাতে রায়পুর উপজেলার চরবংশী গ্রামে মাদক কেনার জন্য বাবার কাছে টাকা চাইলে অপারগতা জানান ৭৫ বছর বয়সী হজরত আলী গাজী। এ সময় তিনি এশার নামাজের আগে টিউবওয়েলের কাছে অজু করছিলেন। তখন পেছন থেকে দা দিয়ে আঘাত করে ছেলে মামুন। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় হজরত আলীকে উদ্ধার করে হাসপাতালে নিলে তিনি মারা যান।
পুলিশ জানায়, হত্যাকাণ্ডের পর মামুন এলাকা ছেড়ে পালিয়ে গা-ঢাকা দেয়। পরে নিহতের বড় ছেলে নুর হোসেন গাজী রায়পুর থানায় হত্যা মামলা দায়ের করেন।
র্যাব-১১ এর নোয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুণ্ডু বলেন, মামলার পরপরই আসামির অবস্থান শনাক্ত করতে গোয়েন্দা কার্যক্রম শুরু হয়। র্যাব-১১ ও র্যাব-১০ যৌথভাবে ঢাকার ঢাকেশ্বরী মন্দির এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মামুন হত্যার বিষয়টি স্বীকার করেছেন বলে জানিয়েছেন র্যাব কর্মকর্তারা। তারা আরও জানান, মামুন একজন চিহ্নিত মাদকসেবী ও বিক্রেতা। মাদকসেবনের অর্থ জোগাড় করতে পরিবারে নানাভাবে উত্তেজনা ও সহিংসতা সৃষ্টি করতেন তিনি। ঘটনার কয়েকদিন আগেও জেলা গোয়েন্দা পুলিশ তাকে মাদকের ঘটনায় আটক করেছিল।
গ্রেপ্তারকৃত মামুনকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রায়পুর থানায় হস্তান্তর করা হয়েছে।
মতামত দিন