অপরাধ
ছবি: সংগৃহীত

ভারতে পালানোর চেষ্টাকালে বেনাপোলে আটক সাবেক ইউপি চেয়ারম্যান জোসেফ।

নিজস্ব প্রতিবেদক:

ভারতে প্রবেশের চেষ্টা করার সময় যশোরের বেনাপোল চেকপোস্টে আটক হয়েছেন নেত্রকোণার খালিয়াজুড়ির সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সানুয়ারুজ্জামান জোসেফ (৫২)। রোববার (২৯ জুন) সকালে বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টে সন্দেহজনক অবস্থায় তাকে গ্রেপ্তার করা হয়।

জোসেফ নেত্রকোণা জেলার খালিয়াজুড়ি উপজেলার পুরানহাটি গ্রামের বাসিন্দা এবং পুরানহাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছিলেন।

ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা যায়, সকাল ১১টার দিকে ভারত যাওয়ার উদ্দেশ্যে পাসপোর্ট নিয়ে বেনাপোল চেকপোস্টে উপস্থিত হন জোসেফ। ইমিগ্রেশন ডেস্কে পাসপোর্ট জমা দিলে সিস্টেমে তার নাম স্টপ লিস্টে থাকা নিশ্চিত হয়। বিষয়টি নিশ্চিত হওয়ার পর তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং পরে গ্রেপ্তার দেখানো হয়।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন মুন্সী বলেন, “পূর্ব সতর্কতার অংশ হিসেবে বহির্গমন শাখায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা আগে থেকেই জোসেফের ব্যাপারে সতর্ক ছিলেন। তার পাসপোর্ট তথ্যের সঙ্গে মিলেই আমরা তাকে আটক করি।”

তিনি আরও জানান, জোসেফের বিরুদ্ধে খালিয়াজুড়ি থানায় বিশেষ ক্ষমতা আইনে একাধিক মামলা রয়েছে। তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তরের পর সংশ্লিষ্ট থানায় পাঠানোর প্রক্রিয়া চলছে।

বেনাপোল পোর্ট থানার ওসি মো. রাসেল মিয়া জানান,আটককৃতকে প্রাথমিক হেফাজতে নেওয়া হয়েছে এবং দ্রুতই তাকে নেত্রকোণার খালিয়াজুড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধারণা, মামলার দায় এড়াতেই তিনি গোপনে ভারত পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। তবে আগাম গোয়েন্দা তথ্য ও ইমিগ্রেশন সতর্কতায় শেষ পর্যন্ত তার ওই চেষ্টা ব্যর্থ হয়।

মতামত দিন