ডিবিকে লক্ষ্য করে গুলির ঘটনায় ‘শুটার বাপ্পি’সহ গ্রেফতার ৩।
রোববার (২৯ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
ডিসি জানান, শনিবার দিবাগত রাত ২টার দিকে যশোরের ঘোপ নওয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে বাপ্পি ওরফে মো. আলী ওরফে ফিরোজ আলম ওরফে আহসানুল হক, এবং তার সহযোগী আবু খালিদ সাইফুল্লাহ ওরফে বোমা রিপন ও মো. কামরুল হাসানকে আটক করা হয়। অভিযানে তাদের কাছ থেকে তিনটি বিদেশি পিস্তল, ছয়টি ম্যাগাজিন এবং ১৫১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এর আগে ১৯ জুন ফকিরাপুলে ডিবি পুলিশের ওপর গুলিবর্ষণের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। সেদিন একটি মাদকবিরোধী অভিযানে গেলে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। সেই ঘটনায় মূল অভিযুক্ত ছিলেন শুটার বাপ্পি।
পুলিশ জানায়, ধৃত ব্যক্তিদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাদের বিরুদ্ধে অস্ত্র ও সন্ত্রাসবিরোধী আইনে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।
মতামত দিন