অপরাধ
ছবি: সংগৃহীত

জামালপুরে গভীর রাতে ইউপি সদস্যকে বাড়ির উঠানে কুপিয়ে হত্যা।

নিজস্ব প্রতিবেদক:

জামালপুরের ইসলামপুর উপজেলায় রাতের আঁধারে নিজ বাড়ির উঠানে কুপিয়ে হত্যা করা হয়েছে আব্দুর রহিম নামের এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে। শনিবার (২৯ জুন) গভীর রাতে উপজেলার জিগাতলা চর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুর রহিম কুলকান্দি ইউনিয়নের  ১ নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন।

পাশাপাশি তিনি ইউনিয়ন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করতেন।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, মধ্যরাতে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে একদল লোক আব্দুর রহিমকে ঘর থেকে ডেকে বাইরে আনেন। তিনি ঘরের বাইরে বের হতেই ১০–১২ জনের একটি দল তাকে ঘিরে ধরে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। তার চিৎকারে স্ত্রী ও অন্যান্য স্বজনরা এগিয়ে এলে তাদেরকেও বেধড়ক মারধর করা হয়। ঘটনাস্থলেই আব্দুর  রহিমের মৃত্যু ঘটে।

রোববার সকালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করে। স্থানীয়দের মধ্যে এ ঘটনায় চরম আতঙ্ক বিরাজ করছে।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আতিকুর রহমান জানান, হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে। তদন্তের স্বার্থে বিস্তারিত এখনই বলা যাচ্ছে  না বলেও তিনি জানান।

এদিকে এলাকায় রাজনৈতিক প্রতিহিংসা, জমিজমা সংক্রান্ত বিরোধ কিংবা অপরাধী চক্রের সম্পৃক্ততা—সবকিছুই খতিয়ে দেখছে পুলিশ।

মতামত দিন