চানখারপুলে ছয়জনকে গুলি: অভিযোগ গঠনের শুনানি আজ।
সকালেই এই মামলায় গ্রেফতার চার আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।
এর আগে, মামলার প্রধান আসামি ও পলাতক চারজনের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের সিদ্ধান্ত নেয় ট্রাইব্যুনাল। গত ৩ জুন পলাতক আসামিদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করতে বাংলা ও ইংরেজি দুই জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছিল আদালত। ওই আদেশ অনুযায়ী বিজ্ঞপ্তি প্রকাশ করে ২২ জুন পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়।
মামলার পলাতক চার আসামি হলেন: ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান,সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ্ আলম মো. আখতারুল ইসলাম ও সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল।
গত ২৫ মে এই মামলায় আট পুলিশ সদস্যের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এরপরই মামলাটি অভিযোগ গঠনের পর্যায়ে পৌঁছে।
উল্লেখ্য, এই মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে ৫ আগস্ট দুপুরে চানখারপুলে শান্তিপূর্ণ মিছিলে গুলি চালিয়ে ছয়জনকে হত্যা এবং আরও অনেককে আহত করার অভিযোগ আনা হয়েছে।ঘটনাটিকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে বিবেচনা করে তদন্ত শেষে অভিযোগপত্র জমা দেয় প্রসিকিউশন। আজকের শুনানির মধ্য দিয়ে মামলাটি বিচারপর্বে প্রবেশ করতে যাচ্ছে।

মতামত দিন