অপরাধ
ছবি: সংগৃহীত

পঞ্চগড়ের দেবীগঞ্জে জাল নোট ও ডলার প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার।

নিজস্ব প্রতিবেদক:

পঞ্চগড়ের দেবীগঞ্জে জাল নোট ও ভুয়া ডলার লেনদেনের অভিযোগে একটি প্রতারক চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী ও থানা পুলিশ। শুক্রবার (২৭ জুন) গভীর রাতে চেংঠী হাজরাডাঙ্গা ইউনিয়নের দন্ডপাল গ্রামে অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম রাশেদ জামান (৪০)। তার বাড়িতে অভিযান চালিয়ে জাল এক হাজার টাকার একটি নোট, নগদ ১২ হাজার টাকা, একটি মোবাইল ফোন এবং মাদক সেবনের কিছু উপকরণ উদ্ধার করা হয়। রাশেদকে পরে থানায় হস্তান্তর করা হয়।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, রাশেদ ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ আদায় করে আসছিল। অভিযানের পেছনে মূল উদ্দীপনা  ছিল টাঙ্গাইলের তিনজন ভুক্তভোগীর অভিযোগ, যাদের কাছ থেকে চক্রটি প্রায় ১২ লাখ টাকা নিয়েছিল।

অভিযানটি পরিচালনা করেন দেবীগঞ্জ আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন ইনজামামুল আমীন প্রীমন। তিনি জানান, রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত চলে এই অভিযান। রাশেদের দুই সহযোগীর বাড়িতেও অভিযান চালানো হয়, কিন্তু তারা পালিয়ে যায়।

ক্যাপ্টেন প্রীমন বলেন, “এই চক্রটি দীর্ঘদিন ধরে লোক ঠকিয়ে আসছে। জনগণের সঙ্গে এমন প্রতারণা বরদাশত করা হবে না। চক্রের অন্যান্য সদস্যদের ধরতেও অভিযান চলবে।”

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা জানান, রাশেদ জামানের বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতি ও মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা নেওয়ার প্রস্তুতি চলছে। মামলার পর তাকে আদালতে সোপর্দ করে কারাগারে পাঠানো হবে।

মতামত দিন