নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের অভিযোগে মহিলা লীগ নেত্রী আটক।
রাজিয়া সুলতানা শম্পা চাঁপাইনবাবগঞ্জ জেলা মহিলা লীগের কোষাধ্যক্ষ এবং স্থানীয়ভাবে একজন নারী উদ্যোক্তা হিসেবে পরিচিত। সম্প্রতি সামাজিকমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, তিনি একটি স্টলে কেক কেটে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছেন। ভিডিওটি ঘিরে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
জানা গেছে, গত ১০ মে থেকে ২২ জুন পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জের পুরোনো স্টেডিয়ামে বাণিজ্য মেলার আয়োজন করে চেম্বার অব কমার্স। সেখানে শিশুদের খেলনার দোকান পরিচালনার জন্য একটি স্টল নিয়েছিলেন শম্পা। ওই স্টলেই কেক কাটার দৃশ্য ধারণ করে তা ফেসবুকে পোস্ট করেন তিনি।
এ বিষয়ে জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আব্দুল ওয়াহেদ বলেন, “মহিলা লীগের কোনো নেত্রী কেক কেটেছেন কি না, তা আমার জানা নেই।”
জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আব্দুর রাহিম বলেন, “ভিডিও দেখে মনে হয়েছে, সেটি বাণিজ্য মেলার স্টলেই ধারণ করা।”
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন,“নিষিদ্ধ ঘোষিত সংগঠনের পক্ষে কাজ করার অভিযোগে রাজিয়া সুলতানা শম্পাকে আটক করা হয়েছে।বিষয়টি ঊর্ধ্বতন মহলকে জানানো হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
মতামত দিন