অপরাধ
ছবি: সংগৃহীত

নির্বাচন অফিসে অনিয়ম,পটুয়াখালীতে দুদকের আকস্মিক অভিযান।

নিজস্ব প্রতিবেদক:

সেবা বঞ্চনা, ঘুষ লেনদেন ও প্রশাসনিক অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে পটুয়াখালী সিনিয়র জেলা নির্বাচন কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (২৩ জুন) সকাল ১০টায় দুদকের সমন্বিত পটুয়াখালী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তাপস বিশ্বাসের নেতৃত্বে একটি তদন্ত দল হঠাৎ করেই নির্বাচন অফিসে উপস্থিত হয়।

উপস্থিত ছিলেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও সিনিয়র নির্বাচন কর্মকর্তা খান আবি সাহানুরসহ নির্বাচন অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

দুদক কর্মকর্তারা জানিয়েছেন, নির্বাচন অফিসে সেবা নিতে আসা নাগরিকদের সঙ্গে কথা বলে বেশ কিছু অভিযোগের সত্যতা পাওয়া গেছে। সেবাগ্রহীতারা অভিযোগ করেছেন— সময়মতো সেবা না পাওয়া, অকারণে হয়রানি, এবং নানা ধরনের ঘুষ চাওয়ার ঘটনা এখানকার নিয়মিত অভিজ্ঞতা।

তদন্ত কর্মকর্তা তাপস বিশ্বাস জানান, কমিশনের প্রধান কার্যালয়ের নির্দেশে সারা দেশে একযোগে পরিচালিত অভিযানের অংশ হিসেবেই পটুয়াখালীতে এই তদারকি হয়। প্রাথমিক অনুসন্ধানে কিছু অসঙ্গতি ও সেবার মান নিয়ে গুরুতর অভিযোগ পাওয়া গেছে।

তিনি আরও জানান, এ ব্যাপারে কমিশনের প্রধান কার্যালয়ের সঙ্গে আলোচনার মাধ্যমে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।একইসঙ্গে এই ধরনের তদারকি ও পর্যবেক্ষণ কার্যক্রম নিয়মিতভাবে চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন তিনি।

অভিযান চলাকালে স্থানীয়দের মধ্যে নানা প্রতিক্রিয়া দেখা যায়। কেউ কেউ বলেন, নিয়মিত এমন তদারকি হলে সেবা সংস্থাগুলো আরও দায়িত্বশীল হবে।

নিয়মিত সেবাদানে গাফিলতি ও দুর্নীতির বিরুদ্ধে এমন সরাসরি অভিযান জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি প্রশাসনিক স্বচ্ছতাও নিশ্চিত করবে বলে মনে করছেন স্থানীয় নাগরিক সমাজ।

মতামত দিন