অপরাধ
ছবি: সংগৃহীত

মোহাম্মদপুরে বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার।

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর মোহাম্মদপুরে ডাকাতি, চুরি ও দস্যুতাসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২০ জুন) দিনভর অভিযান চালিয়ে মোহাম্মদপুরের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

শনিবার (২১ জুন) দুপুরে ঢাকা মহানগর পুলিশের মোহাম্মদপুর অঞ্চলের সহকারী কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন ডাকাতির প্রস্তুতিকালে আটক ২ জন, আদালতের পরোয়ানাভুক্ত ৬ জন, দস্যুতা মামলার ৩ জন, নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার ১ জন এবং চুরির ঘটনায় জড়িত ১ জন।

অভিযানকালে গ্রেপ্তারদের কাছ থেকে একটি সামুরাই তলোয়ার, একটি লোহার ছোরা ও একটি চাপাতি উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন: শামীম (৩২), শাহাদাত (২৩), নিদার হাসান (১৭), ফাহাদ (১৬), আলাভী আনাম (১৬), সাজ্জাদুর রহমান রবিন (৩০), রেজাউল (৪০), রাসেল (২২), কাদের (৩২), সাব্বির (২৩), জামাল (২৭), রবিন (২৩) ও আলমগীর (৩৮)।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। মোহাম্মদপুর এলাকায় সন্ত্রাস ও অপরাধ দমনে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

মতামত দিন