অপরাধ
ছবি: সংগৃহীত

পরকীয়ার প্রতিবাদ করায় শ্বশুরকে হত্যা, গৃহবধূর যাবজ্জীবন কারাদণ্ড।

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লার লাকসামে পরকীয়ায় বাধা দেওয়ায় নিজের শ্বশুরকে নৃশংসভাবে হত্যা করার দায়ে তাসলিমা আক্তার নামে এক গৃহবধূকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাভোগের আদেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে জেলা অতিরিক্ত দায়রা জজ আদালত-৫ এর বিচারক মোছাম্মৎ ফরিদা  ইয়াসমিন এই রায় ঘোষণা করেন।

মামলার নথি অনুযায়ী, ২০১৪ সালের ১১ জুলাই গভীর রাতে লাকসাম উপজেলার আশকামতা গ্রামে ঘটনাটি ঘটে। তাসলিমা আক্তারের স্বামী বিলাল হোসেন কর্মসূত্রে ঢাকায় অবস্থান করতেন। এ সুযোগে তাসলিমা একাধিক পরকীয়ার সম্পর্কে জড়িয়ে পড়েন। বিষয়টি নিয়ে শ্বশুর মো. চান মিয়া আপত্তি জানালে ক্ষিপ্ত হয়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করেন তিনি।

রাতের আঁধারে ঘুমন্ত শ্বশুরের ওপর হামলা চালিয়ে তার পুরুষাঙ্গ কেটে দেন এবং ছুরিকাঘাতে হত্যা করেন তাসলিমা। ঘটনার পর গোসল করে নিজেই শ্বশুর হত্যার কথা জানান দেন দেবরকন্যা বেবি আক্তারকে।

পরদিন সকালে বেবিকে সঙ্গে নিয়ে থানায় গিয়ে আত্মসমর্পণ করেন তাসলিমা। এরপর পুলিশ তাকে গ্রেপ্তার  করে এবং তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করে।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অতিরিক্ত পিপি মো. বেলাল হোসেন ভূঁইয়া। সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষে আদালত রায় ঘোষণা করেন।

মতামত দিন