অপরাধ
ছবি: সংগৃহীত

কক্সবাজারের সাবেক এমপি জাফর আলম ১৮ দিনের রিমান্ডে।

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারের চকরিয়া ও পেকুয়া থানায় দায়ের করা হত্যা ও অন্যান্য অভিযোগে দায়ের করা সাত মামলায় সাবেক সংসদ সদস্য জাফর আলমকে ১৮ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। বুধবার (১৮ জুন) সকালে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আনোয়ারুল কবির এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সরকারি কৌঁসুলি (এপিপি) মুহাম্মদ গোলাম সরওয়ার। তিনি জানান, রাষ্ট্রপক্ষ জাফর আলমের বিরুদ্ধে সাত মামলায় মোট ২৪ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে। শুনানি শেষে বিচারক ১৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, সকাল ৭টার দিকে কড়া নিরাপত্তার মধ্যে জাফর আলমকে আদালতে হাজির করা হয়।শুনানি শেষে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

জাফর আলমকে চকরিয়ায় আনার খবরে উত্তপ্ত হয়ে ওঠে স্থানীয় রাজনীতির মাঠ। একদিকে বিএনপির নেতাকর্মীরা চকরিয়া থানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ করে তার ফাঁসির দাবি জানান। অন্যদিকে, আওয়ামী লীগের একটি অংশ তার মুক্তির দাবিতে রাস্তায় নামে।

চকরিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক বলেন, “আওয়ামী লীগের শাসনামলে জাফর বাহিনী আমাদের বহু নেতাকর্মীর ওপর নির্যাতন চালিয়েছে। তার হাতে প্রাণ গেছে অন্তত সাতজনের। আমরা এই খুনির সর্বোচ্চ শাস্তি চাই।”

এদিকে উত্তেজনা ছড়িয়ে পড়লে সেনাবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিএনপির মিছিল ছত্রভঙ্গ করে দেয় বলে জানিয়েছে স্থানীয়রা।

মতামত দিন