মোহাম্মদপুর থেকে কুষ্টিয়ার সাবেক এমপি সারোয়ার জাহান গ্রেফতার।
ঢাকার মোহাম্মদপুর থেকে কুষ্টিয়া-১ আসনের সাবেক সংসদ সদস্য আ ক ম সারোয়ার জাহান বাদশাহকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ জুন) দুপুরে বসিলা সিটি ডেভেলপার এলাকা থেকে তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট থানা।
পুলিশ জানায়, জুলাই অভ্যুত্থান চলাকালে মোহাম্মদপুরে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় সরাসরি জড়িত থাকার প্রমাণ মিলেছে তার বিরুদ্ধে। পাশাপাশি তার বিরুদ্ধে রয়েছে দুর্নীতির অভিযোগও।
তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, অভ্যুত্থান-পূর্ব সহিংসতার দিন মোহাম্মদপুর এলাকায় সংঘটিত একাধিক প্রাণঘাতী হামলার পেছনে বাদশাহের সম্পৃক্ততা পাওয়া গেছে। এসব অভিযোগের তদন্তের স্বার্থে তাকে আটক করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া অনুসরণ করে আদালতে পাঠানো হবে।
প্রসঙ্গত, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সভাপতি ছিলেন বাদশাহ। পরবর্তীতে ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের টিকিটে কুষ্টিয়া-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।
তবে সাম্প্রতিক রাজনৈতিক সংকট ও দলে ভাঙনের ধারাবাহিকতায় তার নাম উঠে আসে বেশ কিছু আলোচিত ঘটনায়।
মতামত দিন