অপরাধ
ছবি: সংগৃহীত

যশোরে রাস্তায় প্রাইভেটকার থামিয়ে ৫৫ লাখ টাকার ছিনতাই।

নিজস্ব প্রতিবেদক:

যশোরের মনিরামপুর উপজেলায় প্রকাশ্যে দিনের আলোয় চলন্ত গাড়ি থামিয়ে বিপুল অঙ্কের অর্থ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ জুন) সকাল সাড়ে ৯টার দিকে রাজারহাট-চুকনগর সড়কের জামতলা-দোনার এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযোগ উঠেছে, অস্ত্রের মুখে জিম্মি করে একটি বেসরকারি মোবাইল ফিনান্স প্রতিষ্ঠানের ৫৫ লাখ টাকা লুট করে দুর্বৃত্তরা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নগদ ডেলিভারির দায়িত্বে থাকা প্রতিষ্ঠানটির এরিয়া ম্যানেজার রবিউল ইসলাম ও চালক সাজু যশোর শহর থেকে মনিরামপুরের উদ্দেশে রওনা হন। গাড়িটি জামতলা এলাকায়  পৌঁছলে দুটি মোটরসাইকেলে করে আসা একদল যুবক গাড়ির গতিরোধ করে। এরপর জানালার কাঁচ ভেঙে অস্ত্রের মুখে দুজনকে জিম্মি করে একটি ব্যাগ নিয়ে পালিয়ে যায় তারা।

ঘটনার প্রত্যক্ষদর্শী কৃষক মিরাজুল ইসলাম বলেন, “মাঠে কাজ করছিলাম। হঠাৎ গাড়ি থামার ও জানালার কাঁচ ভাঙার শব্দ শুনি। গিয়ে দেখি গাড়ির পাশে দুজন হতভম্ব দাঁড়িয়ে, আর কিছু লোক মোটরসাইকেলে দ্রুত পালিয়ে যাচ্ছে।”

এ বিষয়ে মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলু রহমান বলেন, “আমরা ঘটনাস্থলে আছি। নগদ-এর পক্ষ থেকে বলা হচ্ছে গাড়িতে ৫৫ লাখ টাকা ছিল। আমরা তদন্ত শুরু করেছি, টাকার পরিমাণ ও ছিনতাইয়ের বিস্তারিত সত্যতা যাচাই করা হচ্ছে।”

তবে ছিনতাইকারীরা পূর্বপরিকল্পিতভাবে ঘটনাটি ঘটিয়েছে বলে সন্দেহ করছে স্থানীয়রা। আশপাশের সড়ক ও দোকানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে পুলিশ।

এদিকে, নগদ কর্তৃপক্ষ এখনও আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেয়নি।

মতামত দিন