অপরাধ
ছবি: সংগৃহীত

মতিঝিলে ভুয়া মেজর সেজে ব্যাংকে প্রবেশ, সেনাবাহিনীর হাতে আটক সাবেক সৈনিক।

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর মতিঝিলে সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ে ভুয়া মেজর পরিচয়ে প্রবেশ করে প্রতারণার চেষ্টা করেছিলেন এক সাবেক সেনাসদস্য। তবে ঘটনাস্থলেই তার ছদ্মবেশ ফাঁস হয়ে যায় এবং পরে সেনা সদস্যদের হাতে আটক হন তিনি।

রোববার (১৫ জুন) দুপুরে ব্যাংকের এক কর্মকর্তার সন্দেহে ঘটনাটি প্রকাশ্যে আসে। অভিযুক্ত ব্যক্তির নাম  আবু কায়সার চৌধুরী। তিনি সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ল্যান্স করপোরাল ছিলেন।

সোনালী ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার ইস্পাহানি ইসলামের কক্ষে প্রবেশ করে নিজেকে 'মেজর' হিসেবে পরিচয় দেন আবু কায়সার। তিনি একটি ভিজিটিং কার্ড চাইলে কর্মকর্তারা তার পরিচয় নিয়ে সন্দেহ প্রকাশ করেন। ঠিক সে সময় কক্ষে উপস্থিত ছিলেন একজন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল। তিনি কিছু প্রশ্ন  করলে আবু কায়সারের উত্তর অসামঞ্জস্যপূর্ণ হয়ে পড়ে। অবশেষে জিজ্ঞাসাবাদের মুখে তিনি স্বীকার করেন, প্রকৃতপক্ষে তিনি কখনও মেজর ছিলেন না।

ব্যাংকের কর্মকর্তা ইস্পাহানি ইসলাম সাংবাদিকদের জানান, "অভিযুক্ত ব্যক্তি নিজেকে জোর দিয়ে মেজর দাবি করছিলেন। কিন্তু সাবেক একজন ব্রিগেডিয়ার তার অতীত সম্পর্কে জানতে চাইলে তিনি দ্বিধায় পড়ে যান। শেষে স্বীকার করেন, তিনি একজন অবসরপ্রাপ্ত ল্যান্স করপোরাল।"

এ ঘটনায় সেনাবাহিনীর সংশ্লিষ্ট ক্যাম্পে অবহিত করা হলে দ্রুত সেখানে উপস্থিত হন সামরিক ও পুলিশ সদস্যরা। পরে আবু কায়সারকে আটক করে নেওয়া হয়।

পুলিশ জানিয়েছে, ঘটনার বিস্তারিত তদন্ত করা হচ্ছে।জাল পরিচয়ে প্রতারণার চেষ্টার অভিযোগে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মতামত দিন