ঝিনাইদহে ছেলের কোদালের আঘাতে বাবার মর্মান্তিক মৃত্যু।
নিহত শাহাদাত হোসেন ওই গ্রামের বাসিন্দা তাইজেল হোসেনের ছেলে। অভিযুক্ত তারই ছেলে ফয়সল হোসেন, যিনি দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ বলে জানিয়েছেন স্থানীয়রা।
বেতাই পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন বলেন, “ঘটনার খবর পাওয়ার পর আমরা দ্রুত ঘটনাস্থলে যাই এবং নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠাই। অভিযুক্তকে আটক করা হয়েছে, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, সকালে পিতা-পুত্র মিলে ক্ষেতে কাজ করছিলেন। একপর্যায়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।এরপর হঠাৎ ক্ষিপ্ত হয়ে ওঠে ফয়সল এবং হাতে থাকা কোদাল দিয়ে বাবার মাথায় সজোরে আঘাত করে। ঘটনাস্থলেই মারা যান শাহাদাত হোসেন।
এলাকাবাসী জানায়, ঘটনার পর তারা ফয়সলকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।
স্থানীয় বাসিন্দা আবদার হোসেন বলেন, “একটু কথার জন্যই এমন কাণ্ড করে বসবে, আমরা ভাবতেও পারিনি। খুব দ্রুতই ঘটনাটা ঘটে, কিছু করারও সুযোগ পাইনি।”
আরেকজন প্রতিবেশী আলী আজম জানান, “ছেলেটা আগে থেকেই মানসিক রোগী। কয়েকবার বাড়ির লোকজনের ওপর চড়াও হয়েছে। এমনকি তার মাকেও একবার মেরে হাসপাতালে পাঠিয়েছিল।”
এদিকে ভয়াবহ এ ঘটনায় শঙ্করপুর গ্রামে নেমে এসেছে গভীর শোকের ছায়া। একজন বাবার এমন করুণ পরিণতি এবং সন্তানের হাতে তার মৃত্যুতে গ্রামের মানুষ হতবাক ও শোকাহত।

মতামত দিন