ইটনার হাওরে ডিজে পার্টি, মাদকসহ ৩৯ কিশোর আটক।
শুক্রবার (১৩ জুন) বিকেলে উপজেলার রায়টুটি ইউনিয়নের বর্শিকুড়া সেতু এলাকায় অভিযান চালায় ইটনা থানা পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী। অভিযানের সময় হাওরের মধ্যে উচ্চ শব্দে গান বাজিয়ে দলবদ্ধ নাচানাচি, মদপান ও মাদক সেবন করছিল একদল কিশোর।
স্থানীয় সূত্রে জানা যায়, ইটনা থানেশ্বর গ্রামের কিশোর গ্যাংয়ের সদস্যরা একই রকম পোশাক পরে হাওরে নৌকা ভাড়া করে নিয়ে যায়।নৌকায় ডিজে সাউন্ড সিস্টেমে গান বাজিয়ে প্রকাশ্যে অশোভন আচরণে লিপ্ত হয় তারা।
অভিযানে প্রায় ৩০০ গ্রাম গাঁজা, ১৫টি ইয়াবা ট্যাবলেট, ২০টি খালি মদের বোতল ও একটি ধারালো ছুরি জব্দ করা হয়। একইসঙ্গে ব্যবহৃত নৌকাটিও আটক করা হয়।
ইটনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাফর ইকবাল জানান, “আটকদের মধ্যে ৩৭ জনই অপ্রাপ্তবয়স্ক হওয়ায় সতর্ক করে মুচলেকা নেওয়া হয়েছে এবং তাদের অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। তবে প্রাপ্তবয়স্ক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।”
হাওরে শৃঙ্খলা রক্ষায় তৎপর প্রশাসন:
সাম্প্রতিক সময়ে ঈদ ও বিভিন্ন উপলক্ষে হাওরে তরুণদের ভ্রমণের নামে অনৈতিক কর্মকাণ্ড বেড়েছে বলে অভিযোগ রয়েছে। প্রশাসন জানিয়েছে, এ ধরনের কার্যকলাপ রোধে নিয়মিত নজরদারি ও অভিযান চালানো হবে।
মতামত দিন