সাবেক এমপির বাসায় যৌথবাহিনীর হানা, অস্ত্র-ইয়াবাসহ আটক ছেলে।
সাতক্ষীরায় সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য রিফাত আমিনের বাড়িতে অভিযান চালিয়ে মাদক ও অস্ত্র উদ্ধার করেছে যৌথবাহিনী। অভিযানে তার ছেলে সাফায়াত সরোয়ার রুমনকে আটক করা হয়েছে।
রোববার (১৫ জুন) দুপুরে শহরের আব্দুর রাজ্জাক পার্ক এলাকায় অবস্থিত ওই বাড়িতে প্রায় দুই ঘণ্টাব্যাপী এই অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন সেনাবাহিনীর সাতক্ষীরা ক্যাম্পের মেজর ইফতেখার আহমেদ।
অভিযান শুরুর সময় পালিয়ে যাওয়ার চেষ্টা করলে রুমনকে বাড়ির ভেতর থেকেই আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে ৩ শতাধিক ইয়াবা, একটি রাইফেল, একটি ধারালো তলোয়ার, কয়েক বোতল মদ এবং ব্যবহৃত মদের বোতল উদ্ধার করা হয়।
আটক রুমন আশাশুনি উপজেলার কাদাকাটি গ্রামের মৃত রুহুল আমিনের ছেলে। তার মা রিফাত আমিন সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সভানেত্রী ও সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি ছিলেন।
সেনাবাহিনীর কর্মকর্তা মেজর ইফতেখার আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয় এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মতামত দিন