অপরাধ
ছবি: সংগৃহীত

কদমতলীতে কিশোর নাঈমকে কুপিয়ে হত্যা, মাদক ও কিশোর গ্যাং নিয়ে উদ্বেগ।

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর কদমতলী এলাকায় বাসা থেকে ডেকে নিয়ে ১৮ বছর বয়সী কিশোর নাঈমকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (৮ জুন) সকালে স্মৃতিধারা ৮নং গলিতে এ ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

নিহত নাঈম পেশায় একজন সিএনজি অটোরিকশাচালক। তিনি পটুয়াখালীর জনকাঠি গ্রামের জাহাঙ্গীর হাওলাদারের ছেলে এবং ঢাকার স্মৃতিধারা ৬নং গলির একটি ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করতেন।

স্থানীয়দের বরাতে জানা যায়, সকাল সাড়ে ১০টার দিকে একদল যুবক পূর্বদিক থেকে ডেকে এনে স্মৃতিধারা ৮নং গলিতে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। স্থানীয়দের দাবি, এলাকাটিতে দীর্ঘদিন ধরেই মাদক ব্যবসা ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য চলছে, যা পরিস্থিতিকে দিন দিন আরও বিপজ্জনক করে তুলছে।

নাঈমের মা নাজমা বেগম জানান, সকালে দুই সন্তানকে ঘরে রেখে বাইরে কাজে যান। কিছুক্ষণ পর এক কিশোর এসে তাকে জানায়, তার ছেলেকে কয়েকজন মারধর করছে। ঘটনাস্থলে গিয়ে তিনি রক্ত দেখতে পান, তবে ছেলেকে খুঁজে পাননি। পরে জানতে পারেন, তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে, যেখানে তার মৃত্যু হয়।

নাঈমের বাবা জাহাঙ্গীর হাওলাদার বলেন, “ঢাকা মেডিকেলে গিয়ে দেখি আমার ছেলেকে বাঁচানো যায়নি। তার নিথর দেহ তখন মর্গে।”

শ্যামপুর জোনের সহকারী কমিশনার (এসি) শরাফত হোসেন জানান, “পূর্ব বিরোধের জের ধরেই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে আমরা প্রাথমিকভাবে মনে করছি। এ ঘটনায় একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।”

পুলিশ জানিয়েছে, কদমতলী থানায় মামলার প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

মতামত দিন