অপরাধ
ছবি: সংগৃহীত

মঠবাড়িয়ায় রাজনৈতিক বিরোধের জেরে বসতঘরে অগ্নিসংযোগ।

নিজস্ব প্রতিবেদক:

পিরোজপুরের মঠবাড়িয়ায় রাজনৈতিক বিরোধের জেরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। উপজেলার ধানীসাফা ইউনিয়নের মধ্য ফুলঝুড়ি গ্রামে নজরুল ইসলাম খাঁনের বাড়িতে এ ঘটনা ঘটে ৩০ মে দিবাগত রাতে।

ভুক্তভোগী নজরুল ইসলাম খাঁন জানান, আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি একটি বাজারে মিষ্টি বিতরণ করেছিলেন। এরপরই তার ওপর হামলার ঘটনা ঘটে।পরে ২ নম্বর এক বিবাদীর ওপর পাল্টা হামলার ঘটনা ঘটে, যার প্রতিশোধ হিসেবে নজরুলের বাড়িতে পরিকল্পিতভাবে অগ্নিসংযোগ করা হয় বলে দাবি তার। ওই রাতে তিনি দৌড়ে পালিয়ে প্রাণে বাঁচলেও পুড়ে যায় তার বসতঘর ও মাছের ঘেরের টঙঘর।

এই ঘটনার জেরে নজরুলের স্ত্রী ফাতেমা বেগম মোট ২০ থেকে ২৫ জনের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় লিখিত অভিযোগ দেন। অভিযুক্তদের মধ্যে রয়েছেন মিজান হাওলাদার, কবির মোল্লা, ছগির হাওলাদার, জাকির হাওলাদার, রিয়াদুল হাওলাদার, খলিল হাওলাদার, জাকারিয়া হাওলাদারসহ আরও অনেকে।

তবে অভিযোগ অস্বীকার করে কবির মোল্লা বলেন, “পুরনো মামলার রেশ ধরেই আমাদের ফাঁসানো হচ্ছে। আমরা এত খারাপ না যে কারও ঘরে আগুন দেব। এটা তাদেরই সাজানো নাটক।”

স্থানীয় ইউপি সদস্য বায়েজিদুল ইসলাম বাদল বলেন, “ঘটনাস্থলে গিয়ে আগুনে পুড়ে যাওয়া ঘর নিজের চোখে দেখেছি। ঘটনা সত্য, অত্যন্ত দুঃখজনক।”

এদিকে মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, “অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে। দোষীদের খুঁজে বের করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল কাইয়ুম বলেন, “বসতঘরে আগুন দেওয়ার বিষয়টি খুবই গুরুতর।প্রশাসন বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে।”

মতামত দিন